
প্রকাশ: ১৮ মে ২০২৩, ১৭:৩৩

অফিসগামীসহ যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগামী ৩১ মে থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এখন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে এ রেল বন্ধ থাকবে শুক্রবার।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ মের পর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকবে। আবার আগামী ঈদুল আজহার দিনও এ ট্রেন চলাচল বন্ধ থাকবে।

ডিএমটিসিএল এমডি বলেন, নতুন সময় অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট অপেক্ষা করতে হবে মেট্রোর জন্য। পরবর্তী ৩ ঘণ্টা অর্থাৎ বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘নন পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জুলাই মাসে আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হবে। ডিসেম্বর নাগাদ পুরো পথে যাত্রী নিয়ে এ উড়াল ট্রেনের চলাচল শুরু হতে পারে। তখন হয়তো দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। পর্যায়ক্রমে তা ২৪ ঘণ্টায় সম্প্রসারণ করা হবে।