
প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ২২:১১

কোনো রকমের ছুটির আবেদন ছাড়াই দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে, বরিশালের হিজলা উপজেলার বাহেরচর লক্ষ্মীপুর(বি,এল) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিলন আলী'র বিরুদ্ধে।
সোমবার ৬ মার্চ সকাল এগারোটায় বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়টিতে গিয়ে সহকারী প্রধান শিক্ষকের অনুপস্থিতির ঘটনাটির সত্যতা পাওয়া গিয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি তারিখে সহকারী প্রধান শিক্ষক মোঃ মিলন আলী বিদ্যালয়ে এসেছিলেন। এরপরের দিন থেকে আজ পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
বিদ্যালয়ে তার অনুপস্থিতির কারণ কী, তা জানা যায়নি বা বিদ্যালয় কর্তৃপক্ষের বরাবরেও কোনো ছুটির আবেদনও করেননি তিনি। প্রধান শিক্ষক আরো জানান, বিদ্যালয়টিতে তিনি সহ নয়জন শিক্ষক রয়েছেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৩শত ২জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও ৮১ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। সহকারী প্রধান শিক্ষক অষ্টম শ্রেণীতে গণিত বিষয়ের এবং অন্যান্য শ্রেণীতে বিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন।

তার অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদানের ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মুঠোফোনে জানান, তিনি অসুস্থ থাকার কারণে এমনটা ঘটেছে। তবে তিনি স্বীকার করেছেন যে, তিনি বিদ্যালয়ের কর্তৃপক্ষের বরাবর কোনো ছুটির আবেদন করেননি। তিনি এখন পার্শ্ববর্তী উপজেলা মুলাদী পোস্ট অফিসের পেছনে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি তিনি জানেন। বিষয়টি আরো ভালোভাবে জেনে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।