
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০:৪৬

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার নওগাঁ- রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।
নিহতরা হলেন-নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন হোসেন (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩২)।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান মাহিন জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম উল্লাসপুরের দিকে যাচ্ছিলো।

পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর তাদের সন্তানরা আহত হন।
ওসি আরও জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ করে মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।