
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:২৫

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলামকে কুপিয়ে খুনের দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় এ মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দৌলতপুর উপজেলার মৃত ইসলাম মণ্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী।মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১১ জুন বিকেলে দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে খুন করে। ঘটনার দিনই দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার দুপুরে আদালত এ রায় দেন।এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, আজ সোমবার দুপুরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বাবা ও ছেলেক যাবজ্জীবন ও দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
