
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ও মাদক বিক্রির টাকাসহ দু'জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফরের নেতৃত্বে একটি দল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের এনামের বাড়িতে অভিযান চালায়।
এসময় এনামের বাড়ি থেকে ১৪ বোতল ভারতীয় মদ (অফিসার চয়েজ ও রয়েল স্টেগ), ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্যগুলো এনামের শোবার ঘরে লুকানো ছিল। এছাড়া এনামের নিকট থেকে মাদক বিক্রির ৭৫ হাজার ২০০ টাকা জব্দ করে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অপরদিকে, প্রায় একই সময়ে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামে অভিযান চালিয়ে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব মিয়া নামের এক যুবককে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় দু'টি পৃথক মামলা দায়ের হয়েছে। আটক দুই ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
