
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২২, ২১:৯

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ২ কেজি ১'শ ৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে এসময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।৩ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি)'র অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে গভীর রাতে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) এর শাহপরীরদ্বীপ বিওপি'র বিআরএম ৪ হতে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ - পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকায় একটি পরিত্যক্ত কাঠের নৌকায় মাদকদ্রব্যের একটি চালান পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে । ওই সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর হতে একটি বিশেষ টহলদল ওই এলাকায় তল্লাশী চালায়।
গভীর রাত আড়াইটার দিকে বিজিবি টহলদল ব্যাপক তল্লাশীর পর জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায় সন্দেহভাজন একটি পুরাতন পরিত্যাক্ত কাঠের নৌকার পাটাতনের নীচে বিশেষ পদ্ধতিতে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে । উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় । উক্ত এলাকায় মাদক পাচারকারীদেরকে আটকের জন্য টহল পরিচালনা করা হলেও কোন পাচারকারী এবং সহযোগীকে আটক করা সম্ভব হয়নি । তবে , চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে ।
টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবি ) অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা , চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
