
প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১:২৬

পাওনা টাকা চাইতে গিয়ে প্রথমে মারধর পরে হাতুড়ি পেটার শিকার হয়েছেন সুমন বেপারী ও তার স্ত্রী সোনিয়া। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজার এলাকায়।
ঘটনার বিবরণে আহত সুমন জানান, মেঘনা বাজারের রাস্তার পাশে ঘরে থাকেন স্ত্রী নিয়ে। একই এলাকার রাজমিস্ত্রি রুস্তুম চৌকিদারের সাথে সহযোগীর কাজ করেন তিনি। কিছু দিন আগের কাজের টাকা বাকি রাখেন রুস্তম।
বৃহস্পতিবার ১১ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে তার বাসার সামনের রাস্তায় রুস্তমকে পেয়ে পাওনা টাকা চাইলে, রস্তম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।

এখবর রুস্তমের দুই ছেলে আবদুল্লাহ ও সাব্বির জানতে পেরে কিছুক্ষণের মধ্যে উক্ত স্থানে এসে হাতুড়ি পেটা করতে থাকে তাকে। এসময় স্ত্রী সোনিয়া স্বামীকে রক্ষা করতে এলে তাকেও হাতুড়ি পেটা করে। নিজেকে রক্ষা করতে মেঘনা বাজারের দিকে দৌড়াতে থাকে। সুমনের পেছনে হাতুড়ি নিয়ে ঐ দুই ছেলেও দৌড়াতে থাকে।
এসময় বাজারে অবস্থানরত স্থানীয় জাহাঙ্গীর মুন্সী ওদের হাত থেকে হাতুড়ি উদ্ধার করেন। জাহাঙ্গীর মুন্সী হাতুড়ি উদ্ধারের কথা স্বীকার করে বলেন, সন্ধ্যায় স্থানীয়ভাবে মীমাংসা করা হবে।
এদিকে রুস্তমের সাথে মোবাইলে আলাপ করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং বলেন, ঐ ঘটনার পরে গরু কিনতে চরমোনাই গিয়েছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য বসবেন। সুমন জানান উক্ত ঘটনা উল্লেখ করে হিজলা থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।