
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১:২৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রমজান মাতব্বর পাড়া এলাকায় সরকার কতৃক অনুমোদিত ‘রমজান মাতব্বর পাড়া সমাজ কল্যাণ পাঠাগার’ সৌজন্য পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
শনিবার (৩০ জুলাই) দুপুরে পাঠাগারটি সৌজন্য পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন,‘রমজান মাতব্বর পাড়া সমাজ কল্যাণ পাঠাগারটি' বেশ গোছানো। বিষয় ভিত্তিক বই নির্বাচন আমায় মুগ্ধ করেছে। এই রকম সামাজিক কার্যক্রম দেশকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখে। সৃষ্টিশীল চিন্তার অসাধারণ উদ্যোগ নিয়েছেন উপজেলা ইউএনও অফিসের অফিস সহায়ক মো. আতাহার মোল্লা। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় পাঠাগারটি গড়ে তুলেছেন।

তিনি আরও বলেন, পাঠাগারটি টিকিয়ে রেখে এখনো চলমান ও প্রাণচঞ্চল হওয়ায় এতদিন ধরে হাল ধরে রাখা ব্যক্তিবর্গের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসব কাজে সমাজের সবার এগিয়ে আসা উচিৎ। এছাড়া পাঠাগারের উন্নয়নে অংশীদার হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, পাঠাগারের স্বত্বাধিকারী (প্রতিষ্ঠাতা) মো. আতাহার মোল্লা এবং পাঠকবৃন্দ।
