
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ৩:৫৬

বিবাহতি, অছাত্র ও বয়স বহির্ভূতদের নিয়ে মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটি করার বিরুদ্ধে বরিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বরিশাল মহানগর ছাত্রলীগের ব্যানারে সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরের সোহেল চত্ত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। এরআগে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাদের নেতৃত্বে কর্মীদের একাংশ দলীয় কার্যালয়ে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মেহদি হাসান,তানভীর আহমেদ, প্রিন্স সরদার, আব্দুল আলিম,রেজাউল রহমান নিওন, ইমরান হাওলাদার, আবু তালহা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি বরিশাল মহানগর ছাত্রলীগের যে কমিটি গঠন করা হয়েছে, তাতে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রকে উপেক্ষা করা হয়েছে। কমিটিতে যাদের আনা হয়েছে তাদের মধ্যে আহবায়ক মোঃ রইজ আহম্মেদ মান্না, যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলামসহ বেশিরভাগেরই বয়স ছাত্রলীগের গঠনতন্ত্রে বেধে দেয়া বয়সের থেকে বেশি। আবার কমিটিতে এমনও অনেকে রয়েছে, যারা কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র নন।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের গঠনতন্ত্রে কোন বিবাহিত, ব্যবসায়ী, চাকুরজীবি, মাদক কারবারি, সন্ত্রাসী থাকতে পারবে না। অথচ ঘোষিত কমিটিতে এর সবকিছুই রয়েছে। কমিটির আহবায়ক মোঃ রইজ আহম্মেদ মান্না একাধিক সন্তানের পিতা ও জেলা বাস মালিক গ্রুপের একজন পদধারী নেতা, তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। অপরদিকে যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলও বিবাহিত। এছাড়া কমিটিতে থাকা সদস্য পদের বেশ কয়েকজনের পরিবার বিএনপির আদর্শে আদর্শিত হলেও, তারা পদ পেয়েছেন ছাত্রলীগের এ কমিটিতে।

এসময় নেতৃবৃন্দ গঠনতন্ত্র পরিপন্থী সদ্য গঠিত বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেন।
এদিকে কর্মসূচি শেষে ছাত্রলীগের এ অংশের নেতারা জানান,সদ্য ঘোষিত মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্নার বয়স ৩২ বছরের কাছাকাছি, সে গত ১৮ আগস্ট বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের হামলার মামলার আসামী ছিলো। আর বিসিকে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাতেও সে আসামী ছিলো। আর এসব থেকে নিজেকে বাঁচাতে সে বরিশাল মহানগর বিএনপির শীর্ষ এক নেতার প্রকাশিত পত্রিকার সহ-সম্পাদকও হয়েছেন।
এদিকে এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির কেউ তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া না জানালেও, গতকাল নগরের বিভিন্ন এলাকায় সদ্য ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলও করেছে অনেকে।