
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০:৪৩

নাটোরের লালপুর উপজেলায় মাছের উৎপাদন বেড়েছে। গত ২০১৮-১৯ অর্থ বছরে লালপুরে মাছের উৎপাদন ছিলো প্রায় ৩ হাজার ৭ শত মেট্রিক টন। পরবর্তীতে মৎস্য বান্ধব কার্যক্রম, চাষি ও উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণের ফলে তিন অর্থবছরের ব্যবধানে ২০২০-২১ অর্থ বছরে লালপুরে মাছের উৎপাদন বেড়ে দাড়িঁয়েছে প্রায় ৪ হাজার ৭শত ৫০ মেট্রিক টন। উপজেলায় তিন অর্থ বছরের হিসেবে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ১ হাজার মেট্রিক টন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) দুপুরে লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয় সংবাদকর্মীদের এই তথ্য জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্র্বাহী অফিসার শামীমা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যার লাবনী সুলতানাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানান, এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ’। মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে উপজেলার ৪ জন সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলে জানান এই কর্মকর্তা।