
প্রকাশ: ২৯ মে ২০২২, ১৫:৫৩

বরিশালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫), ঝালকাঠি সদর উপজেলার নেয়ড়ী এলাকার মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি এলাকার কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), একই উপজেলার ভেচকি এলাকার রাকিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২০), বরগুনার বেতাগী উপজেলার কাজিরবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা এলাকার মৃত আওলাদ আলীর ছেলে সেন্টু মোল্লা (৫০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামের মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩৮) ।
ওসি আরও জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসের মধ্যে আটকে থাকা মরদেহ ও আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া অজ্ঞাত নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, আহতদের মধ্যে মাধব শীল (৪৫) নামের এক ব্যক্তি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহতদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশের ওসি শেখ বেলাল হোসেন জানান, বাস থেকে ৮ জন, পাশের ডোবা থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।বরিশাল ফায়ার সার্ভিস ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা:
বরিশালের উজিরপুরে ১০ জন নিহতের ঘটনায় গাড়ির গতি বেপরোয়া ও চালক ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় গাড়ির গতিও ছিল বেপরোয়া। তাছাড়া বাসে যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে। আর বাসটি ঢাকা রুটের ছিল। এটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। দীর্ঘ পথ গাড়ি চালানোর কারণে চালক হয়ত ক্লান্ত হয়ে পড়েছিলেন।
বোনের জানাযায় অশ নিতে এসে ভাইয়ের মৃত্যু:
বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে রোববার ভোরে বাস দুর্ঘটনায় নিহত ১০ জনের একজন রমজান। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে। সাভারের জিরাবোতে একটি গার্মেন্টসে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

রমজানের ভাই নাসির হাওলাদার জানান, বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সে শনিবার তাদের বোনের মৃত্যু হয়। রোববার সকাল ১০টায় নিজ বাড়িতে তার জানাযার আয়োজন করা হয়। এ কারণেই বাড়ি ফিরছিলেন রমজান।
নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা:
উজিরপুরে বাস দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা ও আহতদের চিকিৎসায় সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যর কমিটি গঠন:
বরিশালের উজিরপুরে ১০ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, হাসপাতালে ভর্তি ১৭ জনের চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সার্বিক তত্ত্বাবধানে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।