
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ১৮:১৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে বাবার কোলে থাকা মেয়ে জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি।
বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে পূর্বহাজীপুর গ্রামের ‘মালেকার বাপের দোকান’ এলাকায় এলোপাতাড়ি গুলিতে নিহত হয় শিশুটি। এ সময় তার বাবা আবু জাহের গুরুতর আহত হন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজিপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির আলম পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করেন।

কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত ২ দিন ধরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার (১৩ এপ্রিল) বিকেলে বাদশা তার এলাকার দানিশ ব্যাপারী বাড়ির মৃত মমিন উল্যাহর ছেলে রিমন (২৫) ও সলিমুল্লাহর ছেলে মহিনসহ (২৬) বহিরাগত আরও ৫ থেকে ৬ জনকে নিয়ে ঘটনাস্থলে এসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় ঘটনাস্থলে থাকা প্রবাসী জাহের ও তার শিশুকন্যা তাসপিয়া গুলিবিদ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে শিশু তাসপিয়ার মৃত্যু হয়। আহত জাহেরকে ঢাকায় ভর্তি করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি