
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৭:৪৬

মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামির ছেলের কোপে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক পলাশ কুমার সাহা। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচক এলাকায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এসময় আসামি লাট্টু বেপারী পালিয়ে যায়।
মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহা। এসময় আসামিপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সের ওপর অতর্কিত হামলা চালায়।
এক পর্যায়ে আসামির ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
