
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১:১০

ইউপি নির্বাচনে পরাজিত হয়ে স্থানীয়দের মারধর, হয়রানি করাসহ নানা অপকর্মের অভিযোগ এনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। রোববার বেলা ১১টায় উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের নেতা বাজারের যুগীরহাওলা সড়কে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী করা হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বলেন, রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর মাসুদ তালুকদার ছিলেন একাধিক মামলার আসামী। আমরা ভেবেছিলাম তিনি জনপ্রতিনিধি হইলে সব কিছু ছেড়ে ভালো হয়ে যাবে কিন্তু মেম্বর হওয়ার পরে সে উল্টো লোকজনদের বিভিন্ন মিথ্যে মামলা আসামী করে জেল খাটাইছে।
অসংখ্য লোকজনের কাছ থেকে সরকারী সুযোগ সুবিধা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। গত দুইদিন আগেও একই যুগীরহাওলা গ্রামের এক যুবককে মারধর করেন এবং মদপান করে তার স্ত্রীকে হেনস্তা করেন সে। প্রশাসনের কাছে আমাদের দাবি আমরা যাতে এর সঠিক বিচার পাইতে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মাসুদ তালুকদারের সাথে মুঠোফোনে আলাপ করতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, মানববন্ধনতো সাইদুল মেম্বার করছে, সাইদুল মেম্বারের বিরুদ্ধে একটি জিডি (সাধারণ ডায়েরী) করছে। এই জন্য করছে আরকি।