
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর রেলগেট নামক স্থানে একটি ওরসের বাস উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় বাসে থাকা আরও ১৫জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যারা আহত হয়েছে তাদের সবার বাড়ী পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার চাঁদপুর রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের চালকের নাম নাজমুল(৩৫)। তার বাড়ী রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার সিংড়া গ্রামে। গতকাল বুধবার রাত ১০টার দিকে পাবনা সদর থেকে বাসটি ছেড়ে বরিশাল চরমোনাই পীরের বাড়ীর (ওরসে) যাচ্ছিল।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, আমরা ধারনা করছি বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনা স্থলেই চালক নিহত হন। আহতদের উদ্ধার করে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি