
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৫

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লঞ্চে ফাটল ধরেছে এবং বাল্কহেডটি ডুবে গেছে। এ ঘটনায় বালুর জাহাজটির লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পরে অর্ধসহস্র যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙর করে।
সুরভী-৭ লঞ্চের মালিক রিয়াজুল কবির জানান, রাতে বাল্কহেড লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের দিকে পানির ওপরে ফেটে গেছে। লঞ্চটি নদীর তীরে নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছে। যাত্রীদের কীর্তনখোলা-১০ নামের একটি লঞ্চে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়েছে।
চাঁদপুর থেকে বালু বোঝাই করে ডেমরাগামী দারুল মাকাম-৩ নামের বাল্কহেডটিতে ছয়জন স্টাফ ছিলেন। স্টাফদের মধ্যে খালেক (৬৫) সুকানি সবুজ (৩২), গ্রিজার মো, আক্তার (১৮), বাবুর্চি আব্দুল ও লস্কর ইমরান (২০) তীরে উঠতে সক্ষম হন। তারা কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন। তবে লস্কর মো. হৃদয় (১৮) লঞ্চে উঠে পালিয়েছেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, রাতে নদীতে বালু উত্তোলনের বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে রাতভর বালু লুট করা হচ্ছে। আর রাতে বালু নিয়ে যওয়ায় সময় এই দুর্ঘটনা ঘটে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
