
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৭

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক, আমরা দুঃখিত। এ বিচারটি দ্রুত শেষ করা উচিত। তদন্তকারী সংস্থা দ্রুত সময়ের মধ্যে এ মামলার চার্জশিট দিয়ে বিচার প্রক্রিয়া শেষ করবে এই আশা আমি ব্যক্ত করছি। আমাদের এটি একটি ব্যর্থতা। আইন বিভাগ, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের যারা দায়িত্বে রয়েছে তাদের দায়িত্ব সাগর-রুনি হত্যার বিচারটি শেষ করা।
গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের বিষয়ে রাজ্জাক বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সেই আগের মতোই বলছে, তারা নির্বাচন করবে না। নির্বাচন সুষ্ঠু হবে না-সহ নানান রকম তিরস্কারমূলক ও কটূ মন্তব্য করছে। তাদের একই কথা বারবার ঘুরিয়ে বলছে।
তিনি আরও বলেন, তাদের মূল কথা হচ্ছে, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। আমি তাদের বলতে চাই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন হবে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন হয় না।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

২০১৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এটি বিএনপির ভুল জানিয়ে মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছিল। তারা সন্ত্রাসের পথে গিয়েছিল। দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল। ২০১৫ সালে ৯০ দিন টানা হরতাল করেছে।
তিনি আরও বলেন, তারা গাড়ি পুড়িয়েছে, রেললাইন তুলে দিয়েছে, বিদ্যুতের লাইন কেটেছে, স্কুল-কলেজে আগুন দিয়েছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এর জন্য বিএনপিকে অনেক মূল্য দিতে হয়েছে। আবার যদি তারা নির্বাচন বানচালের নামে সন্ত্রাসের পথ বেছে নেয় তাহলে একই পরিণতি হবে।