
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৩

কক্সবাজারের মেহেদী হত্যা মামলায় নিহতের ৫ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাদের প্রত্যেকের ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহামদের ছেলে মোহাম্মদ ফারুক প্রকাশ ওমর ফারুক, আবুল বাশারের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। তবে রায় ঘোষণার সময় মোহাম্মদ ফারুক ও শাহেদ উপস্থিত ছিলেন। অপর তিনজন পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ এপ্রিল রাত ১০টায় কক্সবাজার শহরের শহীদ মিনার রোডে (বন বিভাগের সামনে) বন্ধুদের সঙ্গে বাগ-বিতণ্ডার জেরে হামলার শিকার হন মধ্য বাহারছড়া এলাকার বাসিন্দা ও আদালতের সাবেক পেশকার মৃত মোহাম্মদ সোলাইমানের ছেলে মেহেদি হাসান। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এদিকে ছেলেকে হত্যার দায়ে ২০১০ সালের ২২ এপ্রিল ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন নিহতের বাবা।

দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত আসামি হুমায়ুনকে বাদ দিয়ে মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগরকে যুক্ত করে মোট ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। পরে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বৃহস্পতিবার তাদের যাবজ্জীবন সাজার রায় দেন আদালত।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী জানান, অর্থদণ্ডে টাকা থেকে ১০ হাজার সরকারি কোষাগারে জমা হবে। বাকি টাকা ভুক্তভোগীর মা রোজিনা আক্তারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের আইনজীবী মোহাম্মদ জাকারিয়া জানান, আমরা উচ্চ আদালতে যাব।