
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ২:১৬

বাংলাদেশের দক্ষিণ -পশ্চিম উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, যুব ফোরাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং লিডার্স এর আয়োজনে আজ ১৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ।
শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা সিডিও ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শরুপ ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল নাঈম।

এসময় উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, মনিটরিং অফিসার রনজীত কুমার মন্ডল, এ্যাডভকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা রানী বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। ফলে উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত নদী সমূহের বেড়িবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়ে বসতি বাড়ি ভেঙে যাচ্ছে। কৃষি ফসল, সুপেয় পানির উৎস গুলি নষ্ট হয়ে উপকূলীয় এলাকাকে বসবাসের অনুপযোগী করে তুলেছে। এছাড়া ৬০ এর দশকে নির্মিত উপকূল রক্ষা বেরিবাঁধ পরিকল্পনা মাফিক সংস্কারের অভাবে প্রতিবছর একাধিক বার ভেঙে প্লাবিত করে আরো বেশি ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে উপকূলীয় এলাকা বাসিকে।
সম্প্রতি সরকার ২টি মেগা প্রকল্প হাতে নিয়েছে যা এ এলাকার মানুষের দাবী ছিল। কিন্তু উক্ত প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। তাছাড়া এই দুটি প্রকল্প দিয়ে সকল ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নির্মাণ সম্ভব নয়। এ এলাকার মানুষের রক্ষার জন্য দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করার প্রয়োজন।