
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ২:১৪

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( বৃহস্পতিবার ) বেলা সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ বলেন, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন ব্যাপি এ কার্যক্রম চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫ হাজার ৯৪জনকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট জেলায় ৩ লাখ ৩৮হাজার ৩জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
সিভিল সার্জন আরোও বলেন, জেলার ১১টি উপজেলায় ২ হাজার ৪০৩টি কেন্দ্রে ৭ হাজার ২০৯ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে। একই সঙ্গে কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা বা অভিভাবকগণকে পুষ্টি বিষয়ক বার্তা জানানো হবে। এটি একটি জাতীয় কর্মসূচি। যেকোন ক্ষেত্রেই প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। এই ক্যাপসুল শুধুমাত্র অন্ধত্ব দূর করে এমন নয়। এটি শিশুদের পুষ্টি ঘাটতিও পূরণ করে। আমাদেরকে একটি সুস্থ-সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হবে এবং তাদের শারীরিক প্রতিরোধ সক্ষমতা নিশ্চিত করতে হবে। আর শিশুদের সুস্থতার জন্য যেসকল প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে তার মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অন্যতম। তাই এই ক্যাম্পেইনের গুরুত্ব অনেক।

এবারের ক্যাম্পেইনে কোনো ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র থাকবে না। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার) সুনিশ্চিত করা হবে।এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোরশেদ, মেডিকেল অফিসার ডা. আশীষ কুমার সরকার, ডা. রফিকুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি