
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ২:১০

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। কয়েকজন রোগীসহ রোগীদের স্বজনরা আহত হয়েছেন। ছাদ ধসের পর রোগীদের অন্যান্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের দিকে হঠাৎ এই ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ড ১৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। ছাদের সিলিং ও পলেস্তারার টুকরা খসে পড়ে অনেকেই আঘাত পেয়েছে। মূলত পুরাতন ভবন হওয়ায় ছাদ ধসে পড়েছে। সংশ্লিষ্ট গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা বিষয়টি সরেজমিনে এসে দেখেছেন। তারা শনিবার থেকে কাজ শুরু করবেন। সিসিইউ ওয়ার্ডের রোগীদের তাৎক্ষণিকভাবে সরিয়ে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এদিকে, সিসিইউ ওয়ার্ডের ৬ নম্বর শয্যার একজন রোগী বলেন, হার্টের সমস্যা নিয়ে গতকাল ভর্তি হই হাসপাতালে। দুপুর ১টা ১০ থেকে ১৫ মিনিটের দিকে হাঠাৎ করে ছাদের পলে ধসে পড়ে। পুরো ওয়ার্ডে রোগী ছিল। সিলিং ও পলেস্তারার টুকরা খসে পড়ে অনেকেই আঘাত পেয়েছে। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

উল্লেখ্য, চলতি বছরের ১০ মার্চ সন্ধ্যায় সিসিইউ ওয়ার্ডের নার্সদের রুমেও ছাদের পলেস্তারা ধসের ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দ্বিতীয়তলায় ১৬ শয্যার করোনারি কেয়ার ইউনিট। ইউনিটের প্রবেশমুখে নার্সদের কার্যালয়। সেখানে চিকিৎসক ও নার্সরা কাজ করেন। সেই দুর্ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও নার্স আহত হয়ে ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি