
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১৬:৫৫

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে দুইটি ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অমান্য করে হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ও ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় হাকিমপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাউছার রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাদোকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি দেওয়া দুই প্রার্থী কাউছার রহমান (আনারস) ও শাহাদাৎ হোসেন শাদো (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী মন্ডল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণ করে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ও ২নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।

এতে সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ হাকিমপুর উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ২৮ অক্টোবর হতে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।পরে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি