
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ২৩:৪৩

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। যে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের যতো উন্নয়ন আজ দেখছেন সবই সম্ভব হয়েছে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের যে বিভিন্ন ধরণের ভাতা দেয়া হচ্ছে, এগুলো সবকিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারনে। ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি এই স্লোগানে শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৫৩ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দৃষ্টি প্রতিবন্ধি সংস্থার বরিশালের নেতৃবৃন্দর উদ্দেশ্যে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যতো ধরণের সহায়তা দেয়া দরকার আমরা সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সে সাহায্যগুলো দেয়ার চেষ্টা করবো। সরকারের পক্ষ থেকে যে জায়গা দেয়া হয়েছে সেটি ভরাটের জন্য জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থার বরিশাল জেলার সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছিলেন। সেটি ভরাটের জন্য আমরা অর্থ বরাদ্দ করেছি এবং সেই জায়গাতে যাওয়ার জন্য খালের ওপর যে কালভার্টের প্রয়োজন ছিলো সেটিও দিয়েছি। অফিস ভবনের যে কথা বলা হয়েছে, তার জন্য সমাজকল্যাণ মন্ত্রীর সাথে কথা বলে বরাদ্দ দেয়ার চেষ্টা করবো।
প্রতিমন্ত্রী বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের যে গুনাবলি আছে আমার দৃঢ় বিশ্বাস, সমাজে যারা আমরা ভালো অবস্থানে আছি তারা যদি সহযোগীতার হাত বাড়াতে পারি তাহলে দৃষ্টি প্রতিবন্ধীরা বর্তমানের থেকেও অনেক ভালো থাকতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য তিনি যুব সমাজসহ বরিশালের সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের মন মানসিকতার উন্নয়ন করতে হবে। তাদের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করতে পারি।
প্রতিমন্ত্রী বলেন, সকলে মিলে আমরা যদি প্রতিবন্ধী ভাইবোনদের সাহায্য করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন এবং প্রধানমন্ত্রী যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। সমাজে যারা পিছিয়ে আছে তাদের নিয়ে যদি অগ্রসর না হতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে পৌঁছাতে পারবো না। আমাদের সে লক্ষ্যে পৌছাতে চাইলে সমাজের সকলকে নিয়ে এগুতে হবে।

জেলা প্রশাসন এবং বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।
এ সময় জেলার ২ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীকে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির পক্ষ থেকে সাদাছড়ি ও শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি অমৃত গ্রুপ অব কোম্পানির পক্ষ থেকে দুপুরে খাবার ও টি-শার্ট বিতরণ করা হয়।