
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৯:৫৬

ভোলার লালমোহনে রাবেয়া (২০) নামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার রাতে ওই কিশোরীকে তার ভাই সাইফুল ইসলামের কাছে তুলে দেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ।
তিনি বলেন, রোববার সকালের দিকে মঙ্গল সিকদার বাজার এলাকায় ওই কিশোরীকে পাওয়া যায়। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে লালমোহন থানা হেফাজতে রাখা হয়। এনিয়ে ফেসবুকে একটি পোস্ট দিলে তাকে চিনতে পেরে থানায় যোগাযোগ করে কিশোরী রাবেয়ার ভাই সাইফুল। পরে রাবেয়াকে তার ভাইয়ের কাছে তুলে দেয়া হয়। ওই কিশোরীর ভাই সাইফুল লালমোহনের বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকার খলিফা বাড়ি মসজিদের ইমাম। রাবেয়া; তার ভাই ও ভাবীর সাথেই ওই এলাকায় থাকতো। রোববার সকালে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায় রাবেয়া।
ওসি মাকসুদুর রহমান মুরাদ আরও বলেন, কিশোরী রাবেয়ার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া এলাকায়। তার বাবা মৃত রুহুল আমিন হাওলাদার। তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের মানসিক প্রতিবন্ধী সন্তান অথবা আত্মীয়দের প্রতি সব সময় খেয়াল রাখতে হবে। তাদের সাথে একটি কাগজে নাম-ঠিকানা ও মোবাইল নম্বর রাখার ব্যবস্থা করা উচিত পরিবারের সদস্যদের। তাহলে এরা কোথায়ও হারিয়ে গেলেও ফিরে পেতে সুবিধা হবে।

এদিকে, বোনকে ফিরে পেয়ে লালমোহন থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাবেয়ার ভাই সাইফুল ইসলাম।
