
প্রকাশ: ৩ অক্টোবর ২০২১, ২২:৩১

বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দ ও নীতিমালা-২০১০ সংশোধনের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিসিক শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক নেপাল চন্দ্র কর্মকার। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিসিকের সাবেক পরিচালক মোঃ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিসিক বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ।

অনুষ্ঠানে প্লট বরাদ্দ নীতিমালা উপস্থাপন করেন বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখার সম্প্রসারণ কর্মকর্তা মল্লিক মোস্তাফিজুর রহমান। সভায় বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দের নীতিমালা-২০১০ সংশোধনের লক্ষ্যে খসরা উপস্থাপন করা হয়। পরবর্তীতে মুক্ত আলোচনার মাধ্যমে বরিশাল বিসিকের অভ্যন্তরে ও বাহিরের বিভিন্ন ক্ষুদ্র ও বৃহৎ শিল্প মালিকদের কাছ থেকে আরো নতুন প্রস্তাব গ্রহণ করা হয়।