
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০:১৫

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুত গতির একটি কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক আবদুল মালেক মোল্লা (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমুর্ষ অবস্থায় গতকাল বিকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আবদুল মালেক রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছির বাবুপুরে তার নিজের বাড়ী। তিনি ভবানীপুরে বসবাস করতেন। তিনি আনছের আলী মোল্লার ছেলে এবং রাজবাড়ী শহরের একটি ইলেকট্রনিক্স দোকানের মাঠকর্মী হিসেবে কাজ করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বুধবার সকালে বেলগাছির বাবুপুর স্কুল মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে দ্রুত গতির একটি কভার্ড ভ্যান রাজবাড়ীগামী আবদুল মালেকের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় আবদুল মালেকের বাঁ পা কাভার্ড ভ্যানের চাকার নিচে চলে যায়। এ অবস্থায় কাভার্ড ভ্যানটির চাকার তলে পিষ্ঠ হয়ে ১৫ থেকে ২০ ফুট দুরে গিয়ে বাঁ পায়ের নিচের অংশেকে ধেতলে দিয়ে চলে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকালে তিনি মারা যান।

গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল এসময় পেছন থেকে আসা দ্রুত গতির কাভার্ড ভ্যানটি তাকে ধাক্কা দেয় এবং তার বাঁ পায়ের নিচের অংশের উপর দিয়ে থেতলে দিয়ে চলে যায়। এবং স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে ওই কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।