
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

শাপলা তুলতে যাওয়াই কাল হলো শিশু হোসেনের।ডুবে মরতে হলো পানিতে।ভূঞাপুর -তারাকান্দী সড়কের পাশে তাড়াই নামক স্থানে খাদে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে হোসেন শেখ (১০) নামে শিশুটি মারা যায়।শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার তাড়াই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান জানান, হোসেন বেলা তিনটার দিকে রাস্তার পাশে শাপলা ফুল তুলতে গভীর খাদে নামলে শাপলার লতায় পা পেছিয়ে গেলে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির পর পানির নিচ থেকে তার মরদেহ তোলা হয়। সে তাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র। এর আগে তার বাবা তিন মাস আগে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহত হোসেন শেখের মা আম্বিয়া জানান, আমার ছেলে ও তার বন্ধুরা কয়েকজন মিলে শাপলা তুলতে যায়। সবাই উঠে আসলেও আমার ছেলেটা উঠতে পারেনি। লাশ হয়ে আমার কাছে ফিরে আসলো।স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
