
আজ ২৬ আগষ্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানী এশিয়া এনার্জীকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন জন। আহত হয় প্রায় ২ শতাধিক। এ ঘটনার ১৫ বছর পার হলেও আজও ফুলবাড়ীবাসীর ৬ দফা চুক্তি বাস্তবায়ন হয়নি।
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষাসহ নানা দাবিতে ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে ফুলবাড়ীর ঢাকা মোড়ে কয়েক হাজার মানুষ জমায়েত হয় । পরে দুপুরে তারা প্রতিবাদ মিছিল বের করে। এসময় বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন জন। আহন হয় আরো দুই’শর বেশি মানুষ। নিহতদের স্বজনরা আজও ভুলতে পারে নি সেই স্মৃতি। আর আহতরা বেঁচে আছে দুঃসহ যন্ত্রনা নিয়ে। সেদিনের ঘটনার কথা মনে করে শিউরে উঠেন স্থানীয়রা ।

এ ঘটনার ১৫ বছর পরও ৬ দফা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুদ্ধ ফুলবাড়ী আন্দোলনের নেতারা। প্রতি বছর নানা আয়োজনে এ দিনটি পালন করা হলেও করোনার কারণে এ বছর স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পালন করা হচ্ছে।