সাভারে পাট ও ধইঞ্চা ক্ষেত থেকে গলায় ছুরিকাঘাতে হত্যার শিকার দুই খালাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুন) সাড়ে ১১ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হল- বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭), অপরজন একই এলাকার নেছার মোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা একে অপরের খালাতো ভাই। এদের মধ্যে রায়হান উত্তর যাদুরচর এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া থেকে হেমায়েতপুরের আল-নাছির ল্যাবরেটরি স্কুলের পড়ালেখা করতো। সে এবার এসএসসি পরিক্ষার্থী। নাজমুল বরিশাল থেকে তার খালার বাসায় বেড়াতে এসেছিল।
এলাকাবাসী জানায়, সকালে ওই এলাকায় কাজ করতে গিয়ে একটি পাট খেতে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পাশেই প্রায় বিশ গজ দূরের ধইঞ্চা খেতে আরও এক যুবকের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে সেখানে স্থানীয়রা জড়ো হতে থাকে। তাদের মধ্যে কেউ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে দুই জনেরই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের দুইজনরই গলায় ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাদেরকে হত্যার পর মরদেহ ওই এলাকায় ফেলে গেছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিসয়ে কেউ গ্রেফতার আছে কিনা জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সিআইডি, পিবিআই, গোয়েন্দা ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে। আমরা তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় জানাতে পারছি না।