
প্রকাশ: ৬ জুন ২০২১, ১৩:৩

বিভিন্ন সময়ে চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১৯৫ জন যাত্রী। তাদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ।
এই পথে দেশে ফেরত আসা ১৯৫ জন যাত্রীর মধ্যে ৬ (ছয়) জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও মোহাম্মদ নূর- এ আলম জানান, চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ১৯ মে থেকে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরা শুরু হয়। এখন পর্যন্ত এই পথ দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ সর্বমোট ১৯৫ জন দেশে ফিরেছেন।
ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা সম্পূর্ণ করে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করতে হচ্ছে। দেশে প্রবেশের পর প্রতিটি যাত্রীকে স্বাস্থ্য স্ক্রিনিং ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে করোনা নেগেটিভ আসলে কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষে প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ১৪দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ভারতফেরতদের মধ্যে অসুস্থ যাত্রীদের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। আর যাদের করোনা পজিটিভ শনাক্ত হচ্ছে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে।
এই পথ দিয়ে ১৯৫ জন যাত্রী দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া কোয়ারেন্টিন সম্পূর্ণ করলেও গত এক সপ্তাহের মধ্যে তিন জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাদেরকেও দিনাজপুর ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
উল্লেখঃ ইতিমধ্যে ভারত ফেরত বাংলাদেশী যাত্রীদের ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিন শেষ হওয়ায় ও পুনরায় করোনা পরীক্ষা নেগেটিভ হওয়ায় ৬৪ জনকে সনদ দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।