
প্রকাশ: ৩ জুন ২০২১, ১৪:১৭

সাভারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ।বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১ টায় সাভার সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন করেন তারাইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার নেতা-কর্মী সহ প্রায় তিনশতাধিক মানুষ অংশ নেয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসমত আলীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, আলহাজ্ব আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক মুফতি মঈন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আনিসুর রহমান, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোহাগসহ প্রমুখ।
মানববন্ধন থেকে তারা বলেন, করোনা নামক মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে।

মাঝখানে কিছুদিন কওমি মাদ্রাসা চালু থাকলেও আবারো তা বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসা সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেওয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এখনোও নেওয়া হয়নি। পরীক্ষা হবে কিনা তাও স্পষ্ট নয়।এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য কোনো চাপ নেই শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনাও করেন তারা।