
প্রকাশ: ৩১ মে ২০২১, ২০:১৭

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোরালী গ্রামে সোমবার দুপুরে বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে ইকবাল হোসেন সোমবার দুপুরে বৃষ্টিপাত চলাকালে গোরালী গ্রামে বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

অপরদিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে বৃষ্টিপাত চলাকালে বজ্রপাতে সাধুরাম সরকারের ছেলে হরিমোহন সরকারের চারটি গরু মৃত্যুবরন করেন। এ সময় হরিমোহন সরকারও গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের কাছে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।