উদ্বেগজনক হারে মোংলা উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী রোববার (৩০ মে) থেকে পরবর্তী ৮ দিন পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে উপজেলা প্রসাশন। সংশ্লিষ্ট কমিটি কর্তৃক গৃহীত নির্দেশনা সমূহ বাস্তবায়নে সকলকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
এদিকে ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেড়ে যায় করোনা সংক্রামণের হার, প্রশাসনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলেও সাধারণ মানুষের মাঝে রয়েছে সচেতনতার অভাব।
মোংলা উপজেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার বলেন, আগামী রোববার (৩০ মে) হতে মেংলায় মাস্ক পরা ব্যতীত কাউকে পাওয়া গেলে তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে এবং পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে। জরুরি পরিবহন ব্যতীত কোন যানবাহন ঢুকবে না। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক থাকবে।
ঔষধ, জরুরি কৃষিপণ্য ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদি দোকান, মাংস, মাছ ও ফলের দোকান সকাল ৬ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। তবে পার্সেল নেয়া যাবে। অন্য এলাকা, লাইটার জাহজ, বড় জাহাজ লঞ্চ হতে কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না। প্রয়োজনে জাহাজে বাজার বা খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য মোংলা পোর্ট পৌরসভা ব্যবস্থা করবে। নদীর খেয়া পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৬ জনকে আবশ্যিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় নৌকা পারাপার করতে হবে।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রমতে মোংলায় করোনার হার শতকরা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।