
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৮:৫৮

ভোলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলসহ বাস মালিক সমিতির বিচার দাবি করে। একপর্যায়ে বাসটি ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঘুইংগার হাট এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আজিজসহ মিরাজ ও সোহাগ নামে তিনজন নিহত হয়। এসময় গুরুতর আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তারা বাসটি আটক করে, তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
