
প্রকাশ: ২৫ মে ২০২১, ১৪:৫

ইয়াসের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বইছে হালকা বাতাসও, তবে বৃষ্টি নেই। এর আগে গত রাতে এ এলাকায় দুই দফায় কয়েক মিনিটের গুড়ি বৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত মোংলা বন্দর, পৌর শহরসহ উপকূলের বাসিন্দাদের জনজীবন স্বাভাবিক রয়েছে। নতুন করে সিগনাল না বাড়ায় বন্দরে অবস্থানরত ১১টি বিদেশী জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ চলছে।
তবে অধিক ঝুঁকি ও আতংকে রয়েছেন মোংলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত কানাইনগর, চিলা ও জয়মনি এলাকার নদীর পাড়ের মানুষেরা। অবশ্য তাদের মধ্যে রয়েছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতিও।

এদিকে গত সন্ধ্যা থেকে সাগর প্রচন্ড উত্তাল হয়ে উঠায় এবং প্রচন্ড ঝড়ো বাতাস বয়ে যাওয়াতে দুবলা সাইক্লোন শেল্টারসহ কোস্ট গার্ডের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, সিগনাল ৪ নম্বর না হওয়া পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক থাকবে। ৪ নম্বর সিগনাল জারি কিংবা ক্রস করলেই সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।