
প্রকাশ: ২৩ মে ২০২১, ১৫:৩০

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনে মুক্তিতে অনশন ভাঙলেন মানবাধিকার কর্মী দেওয়ান আব্দুল মালেক। রোববার (২৩) বেলা সাড়ে ১১টায় প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক তাকে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙিয়েছেন।দেওয়ান আব্দুল মালেক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।
গতকাল শনিবার (২২ মে) সকাল ১০ টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে তিনি অনশন শুরু করেন। প্রচন্ড রোদের মধ্যে শহীদ মিনারে বেদীতে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন করেছেন। রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। রোববার জামিন হলে অনশন ভাঙেন তিনি।
এসময় আইটি ব্যক্তিত্ব তোফাজ্জল হোসেন তপু, সাংবাদিক আব্বাস আলী ও রিফাত হোসাইন সবুজ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে দেওয়ান আব্দুল মালেক বলেন, সাংবাদিক রোজিন ইসলাম জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন সাংবাদিক। দুর্নীতি, অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের খবর তুলে ধরে আসছেন। দেশ ও জাতির জন্য এসব তথ্যপূর্ণ প্রতিবেদন করে তিনি জাতীয় হিরোতে পরিণত হয়েছেন।


এ কারনে তিনি নির্যাতন- হয়রানীর স্বীকার হয়েছেন। তার গলা চেপে ধরে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছিল। তার বিরুদ্ধে তথ্য চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে।আজকে তিনি পুরো জাতির গণমাধ্যমের চেহারা হিসেবে দাঁড়িয়েছেন। তাকে হেনস্থা করা, কণ্ঠরোধ করা মানে গণমাধ্যমকে হেনস্থা ও কন্ঠরোধ করার সামিল।
তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করায় আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন প্রচার মাধ্যমগুলো এবং সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরাপত্তার সহিত কাজ করতে পারেন।এছাড়া রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে দোষী ও দূর্নীতিবাজ আমলাদের আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন।