
প্রকাশ: ২০ মে ২০২১, ২১:৩১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকা পরা আরও ২১ জন বাংলাদেশি যাত্রী দেশে প্রবেশ করেছেন। তারা কলকাতায় বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট (হিলি স্থলবন্দর) দিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন পুরুষ।
বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
এসময় তাদের বাংলাদেশ ইমিগ্রেশন, কাস্টম ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম শেষ করে ( এম এম, ক্যাপিলা ও নূরজাহান লজ) ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এ ব্যাপারে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাবার পর গত ১৬ মে থেকে চালু হয়েছে হিলি ইমিগ্রেশন। ২০মে ভারত থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ২১ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন।সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে তাদের নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের ওপারে আটকে পরা বাংলাদেশী যাত্রীদের পর্যায়ক্রমে বাংলাদেশে ফিরে আনা হবে।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, আজ ভারত থেকে আসা ২১ জন বাংলাদেশী যাত্রীকে র্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলার আবাসিক হোটেল ভিআইপিতে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এদের মধ্যে যদি কেউ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্যঃ গতকাল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকা পড়া ৩৭ জন বাংলাদেশী যাত্রী দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে আটজন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরায় চার জনকে দিনাজপুর মেডিকেল ও চার জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী ২৯ জন স্থলবন্দরের তিনটি আবাসিক হোটেল ১৪ দিনের প্রাথমিক কোয়ারান্টাইনে রয়েছে। দুই দিনে এই ইমিগ্রেশন দিয়ে মোট ৫৮ জন ভারতে আটকে পরা যাত্রী দেশে ফিরেছেন।
#ইনিউজ৭১/জিয়া/২০২১