
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৪

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাইকে থাকা অপর দুই আরোহী।রবিবার বেলা একটার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুর টোল প্লাজার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা (২৭) এবং একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী (২০)।হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজাল হোসেন জানান, ঢাকা থেকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিল।

বেলা একটার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজার কাছে পৌঁছলে একটি বাইকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী সুজন ও ফরমান।
আহত হয়অপর মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) আটক করা হয়েছে।