আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির জন্য হয়ে থাকল রেকর্ড আর ইতিহাস গড়ার এক বিশেষ উপলক্ষ। বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলতে নেমে এক ম্যাচেই একাধিক অনন্য কীর্তি নিজের নামে লিখিয়েছেন আর্জেন্টাইন তারকা।
কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলেন মেসি। পঞ্চম মিনিটে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ১২ মিনিট পরই নিজের জাত চিনিয়ে দেন তিনি।
ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে অসাধারণ এক গোল করেন মেসি। এই গোলের সুবাদে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
এই গোল ছিল বিশ্বকাপে মেসির ১৪তম গোল। এর মধ্যে পাঁচটি এসেছে বক্সের বাইরে থেকে। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর ৬০ বছরের পুরোনো কীর্তির পাশে নিজের নাম লেখান।
মেসির জন্য দিনটি আরও বিশেষ হয়ে ওঠে একটি বিরল পরিসংখ্যানের কারণে। ২০০৬ সালের ১৬ জুন বিশ্বকাপ অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন। আর ২০ বছর পর ১৬ জুনেই ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করে আর্জেন্টিনার সবচেয়ে বেশি বয়সী বিশ্বকাপ গোলদাতার রেকর্ড গড়লেন।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ডাবল সেঞ্চুরির ম্যাচে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার কীর্তিও স্পর্শ করেন।