হজযাত্রার আগের কাজ হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা দেয়া, স্বাস্থ্যসনদ সংগ্রহ করা জরুরি। এসব সংগ্রহের জন্য যে এজেন্সির মাধ্যমে হজে যাবেন তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ঢাকার আশকোনা হজ কার্যালয় থেকেও জানা যাবে। ফ্লাইট কবে তা জেনে নেওয়া আবশ্যক। সেই সঙ্গে পাসপোর্ট, বিমানের টিকিট ও বৈদেশিক মুদ্রা (সৌদি রিয়াল) সংগ্রহ করুন।
হজযাত্রায় প্রয়োজনে একাধিক সামগ্রী রাখতে পারেন। যেন হারিয়ে গেলে বা নষ্ট হলে সহজে পাওয়া যায়। হজসামগ্রীর মধ্যে আছে, পুরুষের ইহরামের কাপড়; কমপক্ষে দুই সেট (গায়ের জন্য আড়াই হাত বহরের তিন গজ ও শরীরের নিচে পরার জন্য একই বহরের আড়াই গজ)। ইহরামের কাপড় সাদা ও সুতি হলে আরামদায়ক।
নারীদের ইহরামের কাপড় তাদের স্বাভাবিক পোশাক-পরিধেয়ই। ইহরাম বাঁধার টাওয়াল সেট, এহরাম বাঁধার বেল্ট, মিনাব্যাগ, পাসপোর্ট ব্যাগ, জুতা রাখার ব্যাগ, পাথর রাখার ব্যাগ, প্লাস্টিক জায়নামাজ, নখকাটার কাটার বক্স, কাঁধের ব্যাগ, মহিলাদের হিজাব, মহিলাদের চুল বাঁধার টুপি, হাত মোজা ও পা মোজা, হাওয়ার বালিশ, বোডিং হোল্ডার, সানক্যাপ, পায়ের তাবেয়া, চামড়ার মোজা, তায়াম্মুমের মাটি, মিসওয়াক, ছাতা, গামছা, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা, সাবান, ব্রাশ-টুথপেস্ট, সুঁই-সুতা, থালা, বাটি, গ্লাস, হজ গাইড ও কোরআন শরিফ।