সপ্তাহের ব্যবধানে নিম্নমুখী রয়েছে রাজধানীর শাক-সবজির বাজার। অধিকাংশ সবজি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে।প্রতি মোড়া শাকে কমেছে দুই থেকে তিন টাকা পর্যন্ত।শাক-সবজির মতো দাম কমেছে মাছ ও মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে মাছের। এছাড়া কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে মুরগির। অন্যদিকে অপরিবর্তিত আছে চাল, ডাল, আলু, মসলা ও মাংসের দাম। শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের মুসলিম বাজার, মিরপুর-১ নম্বর বাজার, ৬ নম্বর বাজার, ১১ নম্বর বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।
এসব বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমে প্রতিকেজি সিম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, শসা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৮০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, চিচিংগা ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, উস্তা ৫০ থেকে ৬০ টাকা, বাধা ও ফুল কপি প্রতিপিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।দাম কমে বাজারে প্রতি মোড়া লাল শাক বিক্রি হচ্ছে ১০ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১০ টাকা, লাউ ও কুমড়ার শাক ৩০ টাকায়।
বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ চাল ৫২ থেকে ৫৩ টাকা, পায়জাম ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট প্রকারভেদে ৫৭ থেকে ৬০ টাকা, নাজির ৫৫ থেকে ৫৮ টাকা, পোলাওর চাল ৯০ থেকে ৯৫ টাকা, খোলা ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১০৮ টাকায়।সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা, গাছসহ দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।
অপরিবর্তিত আছে মাংসের দাম। তবে দাম কমেছে মাছ ও মুরগির। এসব বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমে প্রতিকেজি শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ২২০ থেকে ৫০০ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ২৮০ টাকা, মৃগেল ১৭০ থেকে ২৫০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৬০ টাকা, কাতল ১৭০ থেকে ২৮০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৬০ টাকা, সিলভার কাপ ১০০ থেকে ১৪০ টাকা, কৈ ১৪০ থেকে ১৭০ টাকা, মিরর কাপ ১৬০ থেকে ২০০ টাকা, কাচকি ও মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।