
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১৭:৩২

আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। রোববার সকালে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হিজলিয়ার মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন ইউনিয়নের অসহায় হতদরিদ্র গরীব মানুষের পুনর্বাসনে চেষ্টা করে যাচ্ছেন। তার কার্যক্রমের ধারাকে বাঁধাগ্রস্ত করতে একটি পক্ষ দীর্ঘদিন ষড়যন্ত্র করে যাচ্ছে।
চেয়ারম্যানের ভাবমুর্তী নষ্ট করতে দুর্নীতির অভিযোগ তুলে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সংবাদ প্রকাশ করা হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মিনা ফাউন্ডেশনের ত্রাণের তালিকা শ্রীউলা ইউনিয়নের মুক্তিযোদ্ধা রুহুল আমিনের নেতৃত্বে করা হয়েছে। চেয়ারম্যান-মেম্বররা উক্ত তালিকা প্রস্তুত করেনি। তাছাড়া প্রতাপনগর ইউনিয়নের ত্রাণ বিতরণ করা হয়েছে শ্রীউলার মাড়িয়ালা মোড়ে।

মিনা ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্যসেটে সিনিয়র শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ বিভিন্ন জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তালিকা অনুযায়ি পানিবন্দী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে তা আদৌও সঠিক নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নওশের আলী ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।