
প্রকাশ: ৯ মার্চ ২০২০, ০:৩৬

নরসিংদীর পলাশে ব্যাটারি চালিত অটোরিকশা-মিশুক ছিনতাই ও চোরাই চক্রের সক্রিয় সদস্য রানা মিয়া (২৯)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রানা মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গত শনিবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর সেতুর ওপর থেকে মাহজারুল ইসলাম নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোরিশকাটি চুরি করে নিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে চোরাইকৃত অটোরিকশাটি সহ রানা মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি অটোরিকশা-মিশুক ছিনতাই ও চুরি করছে চক্রটি। রানাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজনের নাম বেড়িয়ে এসেছে। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে পলাশে অটোরিকশা ছিনতাই আতঙ্ক শিরোনামে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের। পরে এসপির নির্দেশে চক্রটিকে গ্রেফতারে তৎপর হয়ে উঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
