
প্রকাশ: ৮ মার্চ ২০২০, ১৮:২৭

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। গত চারদিন যাবত সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সেই সড়কে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। ফলে উপজেলার ভাটি অঞ্চলের লাখো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। এর আগে এ সড়কে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু করা হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন। এতে জরাজীর্ণ এ সড়কে চলাচলকারী লাখো মানুষ চরম দূর্ভোগে পড়েন। বিষয়টি নিয়ে সম্প্রতি জাতীয় অনলাইন ইনিউজ৭১ পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়।
এতে টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এলাকার লোকজন জানান, বিশেষ করে সাংবাদিকদের আন্তরিকতায় দীর্ঘ দিন পর এই সড়কে ফের সংস্কার কাজ শুরু হয়েছে। তারা সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। এলাকাবাসীর দাবি, এ জনগুরুত্বপূর্ণ সড়কে সংস্কার কাজে ফের যেন কোনো অনিয়ম-দুর্নীতি না হয়। এ জন্য তারা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকির দাবি জানিয়েছেন।
সরাইল উপজেলা এল জি ইডি'র সার্ভেয়ার মো. শফিকুল ইসলাম জানান, সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ টানা ছয়মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে ফের কাজ শুরু করা হয়েছে।
