
প্রকাশ: ৫ মার্চ ২০২০, ১৬:৩৭

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২৬ মার্চ ভারতের বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশ সফরে আসছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বুধবার একথা নিশ্চিত করেছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করতে বাংলাদেশ সরকার বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ মার্চ ঢাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। এখন তার ক্ষণগণনা চলছে। মুজিব শতবর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও যোগ দেবেন।জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সারা বছরই বিদেশি অতিথিরা ঢাকায় আসবেন। উৎসবের সূচনায় ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অল্পসংখ্যক বিদেশি অতিথি ঢাকায় আসবেন। পর্যায়ক্রমে গণ্যমান্য অতিথিরাও ঢাকায় পৌঁছবেন।’

মুজিববর্ষ উপলক্ষে ওই দিন জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। অধিবেশনে প্রণব মুখার্জির ভাষণ দেয়ার কর্মসূচি রয়েছে। যদিও প্রণব মুখার্জি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় তার সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তাও রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের কারণে বিদেশি অতিথিদের নিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেক দেশে আন্তর্জাতিক ইভেন্ট বাতিল হচ্ছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ২ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ে খুব ব্যস্ততা চলছে। প্রস্তুতি নিয়ে বিভিন্ন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
