এলাকার বড় ভাইকে সম্মান না দেখানোর খেসারত দিতে হলো প্রাণ দিয়ে। মহাখালীতে ছুরির আঘাতে খুন হলো মাদ্রাসাছাত্র শিপু। হত্যাকারীর সর্বোচ্চ সাজার দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় বড়ভাই নামধারী বখাটেকে না চেনাই কাল হলো শিপুর। ছুরিকাঘাতে প্রাণ হারাতে হয়েছে মাদ্রাসা ছাত্র শিপুকে। সন্তানহারা রীনা বেগম চাইলেন হত্যাকারীর মৃত্যুদন্ড।
তিনি বলেন, সে বলল, তুই আমাকে চিনিস না। ও (শিপু) বলল, না। এই কথা বলার সাথে সাথে ছুরিটা ঢুকায় দেয়। আদরের সন্তান আর ছোট ভাইকে হারিয়ে শোকে স্তব্ধ শিপুর পরিবার। ৭২ ঘণ্টায়ও ঘাতক অনন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানালেন তারা। শিপুর অকাল মৃত্যু মানতে পারছেন এলাকাবাসীও। তাই রাজপথে বিচারের দাবিতে সামিল হলেন তারাও।
স্থানীয়রা বলেন, কারো সঙ্গে শিপুর কোন ঝগড়া-ঝাটি ছিলো না। সে একজন কোরআনের হাফেজ। এশার নামাজ পড়ে একটু ওইদিকে ঘুরতে গেছে। সেখানেই তাকে মারা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার রাতে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এলাকার বখাটে অনন্ত পথরোধ করে শিপুর। শিপু তাকে চিনে কিনা জানতে চাইলে জবাবে চেনার প্রয়োজন নেই বলে উত্তর দিলে ক্ষিপ্ত হয়ে শিপুকে মারধর করা শুরু করে অনন্ত। এক পর্যায়ে হাতে থাকা ক্ষুর দিয়ে শিপুকে আঘাত করে পালিয়ে যায় সে। পথচারীরা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শিপুর।