
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২:২৯

আগামিকাল ১ মার্চ থেকে ইলিশের অভয়াশ্রম রক্ষায় ভোলা জেলার মেঘনা ও তেঁতুলিয়া দুই নদীর ১ শত ৯০ কিলোমিটার জলসীমার মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্যবিভাগ। এর মধ্যে ভোলা সদরের ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তুম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১ শত কিলোমিটার।উপজেলা মৎস্যবিভাগ জানিয়েছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে। এ সময়টিতে অভয়াশ্রমের ওইসব পয়েন্টগুলোতে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ।যারা সরকারি আইন অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে সর্বনিম্ন ১ বছর থেকে ২ বছর এবং ৫ হাজার টাকা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। ইলিশ রক্ষায় অভিযানে থাকবে মৎস্যবিভাগ, পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন জানান, দেশের ৫ টি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। এর মধ্যে ভোলাতে একটি। এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১ শত ৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। এ সময় জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য মৎস্যঘাট ও জেলে পল্লিতে প্রচার-প্রচারণা, সচেতনামূলক সভা ও ব্যানার টাঙানো হয়েছে।নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুণর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার প্রায় ১৭ হাজার ৯ শত নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো.বশির গাজী জানান, ইলিশ রক্ষায় সর্বাত্বক প্রস্তুতি নেয়া হয়েছে। গত ৪-৫ দিনে নদী তীরবর্তী এলাকায় অন্তত: ২০ টি সচেতনতামূলক সভা করা হয়েছে। জেলেরা প্রতিশ্রুতি দিয়েছে নদীতে মাছ না ধরার। কোন অসাধু জেলে মাছ ধরলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
