
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৩

নরসিংদীর পলাশে স্থানীয় এমপি’র এপিএস এর আড্ডাখানা থেকে ৬ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের পলাশ বাসস্ট্যান্ডে অবস্থিত রেলওয়ে কলোনীতে অভিযান চালিয়ে স্থানীয় এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপের এপিএস পরিচয়কারী আনিসুর রহমান মামুনের আড্ডাখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে সাফায়েত হোসেন (৪৮), মালিতা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল বাশার ভূইয়া (৪৬), ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আনিসুরজ্জামান (৪৫), খানেপুর গ্রামের মৃত আব্দুর রব ভূইয়ার ছেলে ইকবাল হোসেন (৪০), একই গ্রামের মোতালিব মিয়ার ছেলে সোহেল রানা ও চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের ফিরুজ সরকারের ছেলে কাউসার সরকার। বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
