
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৬
রাজধানীতে যানজটের কারণে দৈনিক ৫০ লাখ কর্মঘণ্টা অপচয় হচ্ছে। হেঁটে যাওয়ার গতির সমান যানবাহনের গতি ঘণ্টায় গড়ে ৫ কিলোমিটার হয়েছে। ১২ বছর আগেও এ গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ফলে শুধু ঢাকার যানজটে প্রতি বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। গতকাল রোববার দুপুরে
রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) ‘দি ফিউচার প্ল্যানিং আরবান ট্রান্সপোর্টেশন ইন ঢাকা’ শীর্ষক এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, এটি ভয়ঙ্কর সমস্যা। চার বছর আগে যে রাস্তা কাটা হয়েছে তার কাজ এখনো শেষ হচ্ছে না। এসব সমস্যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে।
বক্তারা আরো বলেন, রাজধানীতে প্রতিদিন লোকসংখ্যা বাড়ছে, বিদ্যমান যানবাহনের সঙ্গে সংযুক্ত হচ্ছে বিপুলসংখ্যক নতুন নতুন যানবাহন। কিন্তু সড়কের বেহাল দশা ও সংখ্যা থেকে যাচ্ছে সেই আগের মতোই। সরকারের ভিশনারী প্রকল্পগুলো বিশেষ করে, মেট্রোরেল স্থাপনের কাজ চলমান থাকায় নগরবাসীর দুর্ভোগ অবর্ণনীয় পর্যায়ে পৌঁছে। চলমান পরিস্থিতি উত্তোরণে যেসব পরিকল্পনা বা সুপারিশ গৃহীত হয়েছে বা হচ্ছে তার বেশিরভাগই স্বল্পমেয়াদী ও অদূরদর্শী, সমম্বিত পরিকল্পনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান নয়। সাড়া দেশে যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা কিভাবে গড়ে তুলতে ব্যর্থ হওয়ার কারণেই যাত্রীসেবার মানও তলানিতে গিয়ে ঠেকেছে, বেড়ে যাচ্ছে দুর্ঘটনার সংখ্যা।
চলমান হতাশাজনক প্রেক্ষাপটে এ সেমিনার কিছুটা হলেও আলোর পথ দেখাবে , ইতিবাচক পথরেখার সন্ধান মিলবে। বর্তমান প্রেক্ষাপটে এ রকম একটি সেমিনারের গুরুত্ব ও তাৎপর্য নিঃসন্দেহে অপরিসীম বলেও সবাই স্বীকার করেন। অনুষ্ঠানে যত্রতত্র বাসে যাত্রী উঠানামা নিয়ন্ত্রণ করতে না পারার সমালোচনা করেন বক্তারা। বক্তব্যে উঠে আসে মানহীন গণপরিবহন সমস্যার বিষয়টিও। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরবান হ্যাবিট্যাট কনসালট্যান্টস-এর চেয়ারম্যান স্থপতি-পরিকল্পনাবিদ তানউইর নেওয়াজ।

উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক জনাব খন্দকার রকিবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্রাস্ট ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী খোরশেদ আলমসহ আরও অনেকে। গবেষণায় আরো উল্লেখ করা হয়, গত ৪৮ বছরে ঢাকা শহরে ৩৪৫ স্কয়ার কিলোমিটার এলাকা বৃদ্ধি পেয়েছে। আর বৃদ্ধি পেয়েছে ভাসমান মানুষের সংখ্যা ২৮ মিলিয়নেরও বেশি। বর্তমানে বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে ২০ মিলিয়ন লোকের বসবাস রয়েছে। সব কারণে রাজধানী ঢাকায় মানুষের চাপ বাড়ছে এবং যানজট বৃদ্ধি পাচ্ছে।