
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭
জীবনের ৮৬ বসন্ত পার করে এসে এই বিজ্ঞানী নিজের বই ফেরি করছেন বইমেলায়। তাকে প্রমোট করবার মতো ডাইহার্ড ফ্যানবেজ নেই। আসুন আমরাই না হয় তার হয়ে প্রচারণা চালাই। শুরু হয়েছে তারুণ্যের আসর। অমর একুশে বইমেলা। সেখানে একজন মানুষ আপন মনে নিজের বই ফেরি করে বেড়াচ্ছেন। জীবনের ৮৬ বসন্ত পার করে এসেছেন। তবুও তিনি বয়সের ভারে ক্লান্ত হননি। বরং তার একাগ্রতায় তারুণ্যকে হারিয়েছেন।
মানুষটার পরিচয় দেবার আগে তার সম্পর্কে কিছুটা জেনে নেয়ার চেষ্টা করা যাক। আমাদের চেনার কথাও না তাকে। কারণ তিনি কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নন। ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম কিংবা টিকটকে তার কোনো ‘শিল্পকর্ম’ নেই।

অমায়িক এই মানুষটা হচ্ছেন ডাঃ ফয়জুর রহমান আল সিদ্দিকী। একাধারে বিজ্ঞানী এবং স্কলার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ সাহেবের সহকর্মীও ছিলেন তিনি। গতকাল অমর একুশে বইমেলায় এই মানুষটাকে দেখে রাসেল হোসেইন তার বইয়ের কথা এবং ছবি পোষ্ট করেন ফেসবুকে। সেখান থেকেই ব্যাপারটি এগিয়ে চলো টিমের নজরে আসে। নিজের লেখা বই নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছিলেন বিক্রীর জন্য। উনি শুধু বই ছাপানোর খরচটাই রাখেন, কোনো লাভ বা ব্যবসা করেন না। উনার হাতে ব্যাগভর্তি বইয়ের ভারে ক্ষয়ে যাওয়া জুতা নিয়েই দ্রুত হেঁটে হেঁটে নিজের লেখা বই ‘বাঙালির জয়, বাঙালির ব্যর্থতা’ ফেরি করছেন।